বিজ্ঞাপন:
 
লালমনিরহাট সীমান্তে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক

লালমনিরহাট সীমান্তে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক

রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। তিনি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি ছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে পাটগ্রাম থানায় সোপর্দ করেছেন। এর আগে ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার মো. বজলার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন।

অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন, মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আতিক হাসানের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা বলেন, আতিক হাসান একসময় ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি আতিক হাসানকে থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানায় দিয়েছেন। তাকে ইতোমধ্যে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com