মনজু হোসেন, স্টাফ রিপোর্টারপঞ্চগড়ের বোদা উপজেলায় এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (দুপুরে) উপজেলার বেংহারি সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হবিবর রহমান (৫৮), তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার ছোট বোনকে স্কুলে পৌঁছে দিতে গেলে প্রধান শিক্ষক তাকে পাশের একটি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। পরে বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে এবং প্রশাসনকে খবর দেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী ছাত্রীর বাবা হাসান ইসলাম অভিযোগ করে বলেন, “আমার বড় মেয়ে তার ছোট বোনকে স্কুলে দিতে গেলে প্রধান শিক্ষক তাকে দোতলায় ডেকে নিয়ে কৌশলে গায়ে হাত দেন।”
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply