বিজ্ঞাপন:
মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট

মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এই ঘটনা ঘটে।


নিহত আমির হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে অত্যন্ত নিষ্ঠার সাথে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। আত্মহত্যার পূর্বে তিনি তাঁর কক্ষে একটি চিরকুট রেখে গেছেন এবং নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতোয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, “মঙ্গলবার আসরের নামাজে ইমাম সাহেব নিজেই ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজে তিনি অনুপস্থিত ছিলেন। মুসল্লিরা প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন। কিন্তু দীর্ঘসময় তাঁর কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় ইমামের শয়নকক্ষে যান। রুমের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিতেই দেখা যায়, সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁর নিথর দেহ ঝুলছে এবং নিচে একটি মই পড়ে আছে।”


তিনি আরও জানান, খবর পেয়ে এলাকাবাসী ঘরে প্রবেশ করে একটি চিরকুট উদ্ধার করে। ওই চিরকুটে পারিবারিক কলহের জেরে মানসিক যন্ত্রণার কথা উল্লেখ ছিল। দীর্ঘ ১৩ বছর ধরে এলাকায় থাকার সুবাদে স্থানীয় সকলের সাথে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং তিনি খুবই নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন।

এদিকে, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ইমাম আমির হোসেন একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন— “যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।”


ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চিরকুটটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com