কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাট জেলার থ্যালাসেমিয়া ও ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আজীবন বিনামূল্যে রক্ত সরবরাহের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন সোসাইটি অব লালমনিরহাট (বিডিএসএল)।

সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা এবং থ্যালাসেমিয়া ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজনে নিয়মিত রক্তের প্রয়োজন হলে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত সরবরাহ করবে বিডিএসএল। জরুরি প্রয়োজনে আক্রান্ত রোগী কিংবা তাঁদের পরিবারের সদস্যদের সরাসরি সংগঠনটির সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই মহৎ উদ্যোগের বিষয়ে বিডিএসএল-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. হামিদুর রহমান বলেন, “থ্যালাসেমিয়া ও ক্যান্সার আক্রান্ত রোগীদের লড়াইটা শুধু শারীরিক নয়, তাঁদের পুরো পরিবারের জন্য এটি একটি দীর্ঘ মানসিক ও আর্থিক সংগ্রাম। চিকিৎসার প্রয়োজনে নিয়মিত রক্তের জোগান দিতে গিয়ে অনেক মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার একসময় নিঃস্ব হয়ে পড়ে। অসহায় এই পরিবারগুলোর মানসিক ও আর্থিক কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই আজীবন বিনামূল্যে রক্ত সরবরাহের ক্ষুদ্র প্রয়াস।”তিনি জেলার সর্বস্তরের সচেতন নাগরিকদের এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসার এবং স্বেচ্ছায় রক্তদানে শরিক হওয়ার আহ্বান জানান।

জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগের মাধ্যম:📞 হটলাইন নম্বর: ০১৬০৮১৯৫২৭১🌐 ফেসবুক গ্রুপ: Blood Donation Society of Lalmonirhat
উল্লেখ্য, লালমনিরহাট জেলায় মানবতার সেবায় এবং মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের জোগান দিতে দীর্ঘ দিন ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে বিডিএসএল।
Leave a Reply