মনজু হোসেন, স্টাফ রিপোর্টোর :: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেতের আইল থেকে হাসিনা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে মাহাবুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মাহাবুল হক দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাহিন্দ্র গাড়ির চালক।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে দেবীগঞ্জ থানা পুলিশ জানতে পারে, চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলে এক নারীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় ডিবির একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালায়। তদন্তের একপর্যায়ে মাহাবুল হকের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ।
পরে ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা থেকে ১টা ৫ মিনিটের মধ্যে দেবীগঞ্জ থানার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাহাবুল ও নিহত হাসিনা একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী। ঘটনার রাতে হাসিনা ধানক্ষেতের আইলের কাছে গেলে সেখানে মাহাবুলের সঙ্গে তার দেখা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে। পরে শারীরিক অসুস্থতার কথা জানান হাসিনা। তাকে আইলের ওপর তোলার সময় মাহাবুলের হাতে তার ঘাড়ে গুরুতর আঘাত লাগে বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি। পরে হাসিনা মারা যান বলে মাহাবুল পুলিশকে জানান।
পুলিশ আরও জানায়, মৃত্যুর পর হাসিনার মোবাইল ফোন থেকে মাহাবুলের নম্বরে করা কলের তথ্য মুছে ফেলার চেষ্টা করেন তিনি। এরপর বাড়িতে ফিরে গেলেও রাতে কয়েকবার ঘটনাস্থলের আশপাশে এবং পরদিন সকালে সেখানে যান বলে পুলিশের কাছে জানিয়েছেন।
গ্রেপ্তার মাহাবুল হক ২৬ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় নিহত হাসিনা বেগমের ছেলে মো. হাচিনুর রহমান মিঠু দেবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলাটি দেবীগঞ্জ থানার মামলা নম্বর-২২, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর সকালে দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে হাসিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
Leave a Reply