ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় অসুস্থ অবস্থায় ছুটি না পেয়ে কাজ করতে গিয়ে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম লিজা আক্তার (২৬)। তিনি কালার কো-লিমিটেড নামের একটি পোশাক কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

বুধবার (২৪ জুন) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।
সহকর্মীদের অভিযোগ, অসুস্থ বোধ করায় লিজা বারবার ছুটির আবেদন করলেও তাকে ছুটি দেওয়া হয়নি। এক সহকর্মী জানান, বিকেল ৫টার দিকে লিজা কর্তৃপক্ষকে বলেন, তার শরীর খুব খারাপ লাগছে এবং তিনি মনে করছেন মারা যেতে পারেন। এমনকি দুই সন্তানের সঙ্গে কথা বলে নিতে চান বলেও জানান তিনি।

অভিযোগ অনুযায়ী, তখন সুপারভাইজার তাকে বলেন, ‘তুই মইরা যাগা, ছুটি নাই।’
সহকর্মীরা জানান, এরপরও লিজাকে কাজ চালিয়ে যেতে হয়। একপর্যায়ে কাজ করতে করতেই তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে সকালে সহকর্মীরা জানতে পারেন তার মৃত্যু হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত সময় কাজ করানো, মানসিক চাপ ও হয়রানির কারণেও তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন।

লিজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান এবং দায়ীদের বিচারের দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, লিজা আক্তারের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমিকদের অভিযোগ ও বিক্ষোভের বিষয়টিও খতিয়ে দেখা হবে।
Leave a Reply