বিজ্ঞাপন:
       
পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ, হিমশিম খাচ্ছে পুলিশ

পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ, হিমশিম খাচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক: পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে থাকলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে; এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে।

পরে, বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা আরও তীব্র হয় এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক নেমে আসে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির সামনে নৌকা চত্বরে সংঘর্ষ সাময়িকভাবে থামলেও পৌর হাতিগারা এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি এবং ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ সদস্যদের ফোনে পাওয়া যায়নি।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com