নিজস্ব প্রতিবেদক, রংপুর ::রংপুর জেলা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট, ফেজ-টু’ চলাকালে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে পীরগাছা উপজেলার অনন্তরাম বড়বাড়ি এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস টিম জানতে পারে যে, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন তার বাড়িতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিলন প্রাচীর টপকে পালানোর চেষ্টা করেন, তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে তিনি ব্যর্থ হন এবং সুকৌশলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মাহমুদ মিলন পীরগাছা উপজেলার মৃত শহিদুল হক সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পীরগাছা উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান।

পুলিশ আরও জানায়, মিলনের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে রংপুর কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় (মামলা নং-০৭, জি আর নং-১০৮/২৫) একটি মামলা দায়ের করা হয়েছিল। তিনি উক্ত মামলার তদন্তে প্রাপ্ত একজন অন্যতম প্রধান এবং গুরুতর অভিযুক্ত ব্যক্তি।
অভিযানের বিষয়ে রংপুরের পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন জানান, রংপুর জেলাকে নিরাপদ রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা রোধে জেলা পুলিশের ‘ডেভিল হান্ট, ফেজ-টু’ বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে এই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের দমনে জেলার প্রতিটি থানায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
Leave a Reply