বিজ্ঞাপন:
 
জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত

জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক রিপোর্ট::সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরে অংশগ্রহণের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা–২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরে অংশ নেন এএসআই মহিবুল্লাহ। এ সময় তিনি ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

অভিযুক্ত এএসআই বর্তমানে যশোরে কর্মরত থাকলেও গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন তিনি। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলা পরিপন্থী। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মোবাইলে যোগাযোগ করলে অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি ওই পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক পুলিশ সদস্য জামায়াত প্রার্থীর নির্বাচনি পথসভায় ইসলামী সংগীত পরিবেশন করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com