বিজ্ঞাপন:
 
বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে  রেলপথ অবরোধ, ৬ ঘন্টা পর স্বাভাবিক অবস্থায় রেল যোগাযোগ

বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে  রেলপথ অবরোধ, ৬ ঘন্টা পর স্বাভাবিক অবস্থায় রেল যোগাযোগ

খাজা রাশেদ,লালমনিরহাট::বিএনপি’র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে, বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায়, লালমনিরহাটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতা-কর্মীরা। এতে করে,বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আর ঐ সময়ে লালমনিরহাট রেল স্টেশনের উভয় দুই পাশে অনেক সময় ধরে যাত্রীরা আটকা পড়ে ভোগান্তি পোহান।



‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ অবরোধের কারণে এ রেলস্টেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে, চরম দুর্ভোগে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। এদিন সকাল ৯.৩০ মিনিটের দিকে বিএনপি’র নেতাকর্মীরা লালমনিরহাট রেলস্টেশনে এসে ঢাকা অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে ও বসে রেললাইন অবরোধ করে রাখেন।

‎এ সময়ে বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে, আয়োজিত- অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেল  কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ ট্রেনের বরাদ্দের জন্য আবেদন করা হয়। তবে,দীর্ঘ কয়েকদিন যাবৎ  অপেক্ষার পর গত সোমবার রাতে রেলওয়ে  কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারবে না। আর তাদের এ সিদ্ধান্তের প্রতিবাদেই রেলপথ অবরোধে নামেন বলে জানান বিএনপি’র বিক্ষুব্ধ  নেতাকর্মীরা।



‎যাদু মিয়া নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘আমি  কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের সময়ের অনেক মুল্য রয়েছে। দলীয় এ অবরোধের কারণে ট্রেন কখন ছাড়বে,আমরা জানি না। ‘
‎পারুল বেগম নামে নাটোরের অপর এক যাত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে শীতের মধ্যে ছোট বাচ্চা নিয়ে বসে আছি, আমাদের কষ্ট কারো কিছু আসে যায় না।’

‎লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, ‘ টিকিটের বিনিময়ে বৈধভাবেই আমরা বিশেষ ট্রেন চেয়েছিলাম। কিন্তু, কয়েকদিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। এবং শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবেই ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি বলে আমরা মনে করি। যা  রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই  কর্মসূচি চলবে।’

‎পরে,লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলমের মৌখিক আশ্বাসে বিকেল ৩টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বাস দেয়, যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



‎এ অবরোধের ফলে, সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও লালমনিরহাট-ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ প্রায় ৬ ঘণ্টা বিলম্বে বিকেল ৩.৩০ মিনিটে যাত্রা শুরু করে।

‎একই সঙ্গে লালমনিরহাট থেকে বুড়িমারী, পার্বতীপুরসহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে করে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com