ডেস্ক রিপোর্ট::বগুড়ার শেরপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিহত হন ওই নেতা।

নিহতের নাম রাফিউল হাসান বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আর এই মিছিলে অংশ নেন শিবির নেতা রাফিউল করিম। কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি।

একপর্যায়ে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুরে পৌছাঁলে অজ্ঞাত পরিচয়ের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই শিবির নেতা।
ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল করিম শিবিরের সাথী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে এই শিবির নেতা বলেন, ঘাতক বাসটিকে চিহ্নিত করে চালক-হেলপারকে আটক করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

শিবির নেতা রাফিউল হাসান ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় এডমিশন ক্যান্ডিডেট ছিলেন। সর্বশেষ একটি উপশাখার সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানান শিবির সেক্রেটারি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply