বিজ্ঞাপন:
লালমনিরহাটে আবারো বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

লালমনিরহাটে আবারো বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

‎খাজা রাশেদ,লালমনিরহাট::দু’দিনের টানা ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে,তৃতীয় দফায় আবারো  লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।


‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় জেলার  হাতীবান্ধা উপজেলার সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ মিটার, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ মিটার) থেকে ১ সেন্টিমিটার বেশি।

‎নদীতীরবর্তী মানুষজন ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে,কয়েক দিনের ভারি বৃষ্টিপাত ও  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমবার (১১ আগস্ট) রাত থেকেই তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে।


‎মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচে থাকলেও দুপুরে তা বেড়ে বিপৎসীমা অতিক্রম করে দুই সেন্টিমিটার ওপরে পৌঁছে। ফলে,নদীর উভয় পাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

‎এতে,ডুবে গেছে চরাঞ্চলের রাস্তা-ঘাটসহ আমন ধানের খেত। এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। অনেকে গবাদি পশু ও ঘরের মালামাল  নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

‎তিস্তার পানি বেড়ে যাওয়ার কারণে লালমনিরহাট সদর,আদিতমারী,কালীগঞ্জ,হাতীবান্ধা ও
‎পাটগ্রাম উপজেলার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  



‎এর মধ্যে সদর উপজেলার খুনিয়াগাছ,কুলাঘাট, মোগলহাট, রাজপুর,বড়বাড়ি ও গোকুন্ডা; আদিতমারির মহিষখোচা,গোবর্ধন,বাহাদুরপাড়া ও পলাশী;কালীগঞ্জের ভোটমারী,শৈলমারী ও নোহালী:হাতীবান্ধার গড্ডিমারী,দোয়ানী,ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুর্না, হলদিবাড়ি ও ডাউয়াবাড়ী;পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের নিচু অঞ্চল রয়েছে।

‎আর পানি প্রবাহ যত বাড়ছে, বন্যার শঙ্কাও ততই  বাড়ছে। এতে,তিস্তার বাম তীরবর্তী লালমনিরহাটে তৃতীয় দফায় বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। পানির চাপের কারণে অনেক রাস্তাসহ  ও বাঁধ ঝুঁকি মধ্যে  পড়েছে।



‎বিশেষ করে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর ইস্ট্রাকো সোলার প্যানেল এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ স্থানে তিস্তার মূল স্রোতধারা বন্ধ করে দিয়ে সোলার প্যানেল বসানোর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে লোকালয়ে প্রবেশ করছে এবং রাস্তায় চাপ তৈরি হচ্ছে।
‎এটি ভেঙে গেলে নদী কালীগঞ্জ উপজেলা শহরে প্রবেশ করবে।

‎স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন বলেন, সোলার প্যানেলের জন্য পানির চাপ পড়ছে লোকালয়ের রাস্তা ও বাঁধে। এটি রক্ষা করা না হলে কয়েক হাজার বসতভিটা ও ফসলি জমি নষ্ট হবে, নদী চলে আসবে উপজেলা শহরে।

‎তিস্তাপাড়ের বাসিন্দা গোবর্ধন গ্রামের সোহেল ইসলাম বলেন,মঙ্গলবার সকাল থেকেই নদীর পানি বাড়ছে। ডুবে যাচ্ছে চরাঞ্চলের রাস্তা-ঘাট, পানিবন্দি হচ্ছে মানুষ। আকাশের পানির সঙ্গে নদীর পানি একাকার হয়ে গেছে।

‎নিজ গড্ডিমারী এলাকার অটোচালক সোহরাব উদ্দিন জানান, নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ছে। ডুবে গেছে রাস্তা-ঘাট।গবাদিপশু পাখি, শিশু,বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন পানিবন্দি পরিবারগুলো।

‎হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাড.আরিফুল ইসলাম বলেন, পানি বিপৎসীমা অতিক্রম করলে আমার ইউনিয়নের দেড় হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

‎এ বিষয়ে,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। মঙ্গলবার দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এ অবস্থা আগামী আরো দুদিন অব্যাহত থাকতে পারে। তবে,পরে পরিস্থিতির উন্নতি হতে পারে। এসব এলাকার জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ও রাস্তাগুলো পর্যবেক্ষণ করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com