অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফে বিএনপির নেতা সাবেক ইউপি সদস্য এবং উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ইউনুস সিকদারকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় জনতা।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে তারা টেকনাফ মডেল থানা ঘেরাও করে অবস্থান নেন এবং ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি- রাজনৈতিক নেতৃবৃন্দ,সমাজকর্মী ও নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন,দাওয়াতের নামে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ইউনুস সিকদারকে হত্যা করা হয়েছে এবং এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে।
তারা প্রধান আসামি মোহাম্মদ আলম ওরফে শাফুইয়াসহ সকল জড়িতদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দেন।
পরিস্থিতি শান্ত করতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর উপস্থিত হয়ে আশ্বাস দেন হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না দ্রুত গ্রেফতার করা হবে।
তার আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি সমাপ্ত করেন।

নিহতের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. আলমকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
Leave a Reply