মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না। পীর-তরিকা আছে, মাজার আছে—কোনো মাজার বা ধর্মীয় স্থান ভাঙতে দেওয়া হবে না।”
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। মাজারগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছে। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে তারা আর ঘরে বসে থাকবেন না।
কৃষকদের বিষয়ে তিনি বলেন, যেসব এলাকায় সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। ডিলার নিয়োগের মাধ্যমে সারের সংকট সমাধান করা হবে। কোনো কৃষককে যাতে বেশি দামে সার কিনতে না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সোলার প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে।
ধর্মীয় প্রসঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানুষকে দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চান না। তিনি বলেন, “আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন, মন্ত্রিসভাও গঠন করেছিলেন। কিন্তু জনগণ আপনাদের সেই আশা পূরণ করতে দেয়নি।”
তিনি বলেন, নবীর তরিকা অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসুল (সা.)-এর জীবন, নীতি ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে রাসুল (সা.) কীভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে কীভাবে ন্যায় ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সে বিষয়েও বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম ও জাকিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
Leave a Reply