স্টাফ রিপোর্টার :: দুপুর ১২টা ৪৫ মিনিট। বিদ্যালয় খোলা থাকার কথা, চলার কথা পাঠদান। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল শিক্ষক-শিক্ষার্থী কেউই নেই। বিদ্যালয়ের চাবি রাখা হয়েছে পাশের বাড়ির এক ব্যক্তির কাছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। এ কারণে সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে পার্শ্ববর্তী মাদরাসায় ভর্তি করেছেন অভিভাবকরা।

আজ সোমবার (২৬ অক্টোবর) ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ১৮২ নম্বর সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
একই ইউনিয়নের চরলিউলিন বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকসহ আরও দুই শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। তারা রাজনীতিতে জড়িত থাকায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন ইউএনও রুমানা আফরোজ। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতি এবং বিদ্যালয়ের চাবি অন্যের কাছে রেখে দেওয়ার ঘটনায় বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। আজ সোমবার (২৬ অক্টোবর) জারি করা চিঠিতে উল্লেখ করা হয়, ওই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের উপস্থিত পাননি। এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
![]()
চিঠিতে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধান উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, মুজিবনগর ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। ১৮২ নম্বর সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর পৌনে ১টায় গিয়ে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে পাইনি। বিদ্যালয়ের চাবি পাশের বাড়ির একজনের কাছে রাখা ছিল। স্থানীয়দের কাছ থেকেও শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে না আসার অভিযোগ পেয়েছি। এমন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। সরকারি বিদ্যালয়ে এভাবে পাঠদান কার্যক্রম চলতে পারে না। শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি
Leave a Reply