লালমনিরহাট প্রতিনিধি: দীর্ঘদিনের নানা অভিযোগ, অনিয়ম ও প্রশাসনিক অস্থিরতার পর অবশেষে স্বস্তির আভাস দেখা যাচ্ছে লালমনিরহাট সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)। সংশ্লিষ্টদের দাবি, অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হকের বদলির পরই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একচ্ছত্র নিয়ন্ত্রণ, ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়মসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে অস্থিরতা তৈরি করেন। অনিয়মিত উপস্থিতি, স্বজনপ্রীতি এবং একক সিদ্ধান্ত গ্রহণের কারণে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয় বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া গণমাধ্যমকর্মীদের তথ্য সরবরাহে অনীহা এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে, যা স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি করে।
সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে অধ্যক্ষ আইনুল হককে অন্যত্র বদলি করা হলে কেন্দ্রটিতে পরিস্থিতির পরিবর্তন দেখা যায়। তার পর প্রশাসনিক শৃঙ্খলা ও কার্যক্রম স্বাভাবিক করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

কেন্দ্রের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আগের তুলনায় এখন কাজের পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক। আমরা নিয়মমাফিক দায়িত্ব পালন করতে পারছি।”
শিক্ষার্থীরাও জানান, নিয়মিত ক্লাস ও প্রশিক্ষণ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের পদক্ষেপ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতে অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অধ্যক্ষ আইনুল হকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply