স্টাফ রিপোর্টার :: রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে পাচারের সময় পার্বতীপুর থেকে আসা ৪০০ লিটার তেল জব্দ করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে আসা বিপুল পরিমাণ তেল একটি অটোরিকশায় করে কিশোরগঞ্জ উপজেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। চলাচলের সময় স্থানীয়দের মনে সন্দেহ জাগলে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
সংবাদের সত্যতা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থলে পৌঁছে ইউএনও মোনাব্বর হোসেন তেলের বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় ৪০০ লিটার তেলসহ পাচারকারীকে আটক করেন।

তাৎক্ষণিকভাবে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া শুরু করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন,জনসাধারণের সতর্কতায় আমরা দ্রুত পাচার হওয়া তেলের সন্ধান পাই। অবৈধভাবে তেল বা সরকারি কোনো মালামাল পাচার রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply