মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা ও মেধার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে পঞ্চগড়ের খুদে শিক্ষার্থী আরন তাইয়্যেবাত নায়েল। ইংলিশ অলিম্পিয়াডে কৃতিত্বপূর্ণ সাফল্যের মাধ্যমে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে। তার এ অর্জনে আনন্দিত ও গর্বিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

আরন তাইয়্যেবাত নায়েল পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকার বাসিন্দা আবু দাউদ নুর ই আলমের ছেলে। সে মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি তার বিশেষ আগ্রহ। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও পরিবারের অনুপ্রেরণায় ইংরেজিতে দক্ষতা অর্জন করেছে সে। সেই দক্ষতার স্বীকৃতি হিসেবেই ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে নায়েল।
নায়েলের বাবা আবু দাউদ নুর ই আলম বলেন, ছেলের এ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও যেন সে তার বর্তমান উদ্যম ও আগ্রহ ধরে রাখতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।

মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল মুস্তাকিম বলেন, ছোট্ট বয়সেই নায়েল অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। ইংরেজি ভাষার প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে সে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের পাশাপাশি পঞ্চগড়ের প্রতিনিধিত্ব করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ইংলিশ অলিম্পিয়াডের বিশ্বমঞ্চে নায়েলের অংশগ্রহণের সুযোগ পাওয়া পঞ্চগড়ের জন্য গর্বের বিষয়। তার এ অর্জনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। প্রয়োজনে তার পরিবার সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

প্রত্যন্ত অঞ্চলের একটি শিশু শিক্ষার্থীর এমন অর্জন নিঃসন্দেহে অন্য শিশুদের জন্যও অনুপ্রেরণার। মেধা, আগ্রহ ও অধ্যবসায় থাকলে ছোট্ট বয়সেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতার পরিচয় দেওয়া সম্ভব, তা প্রমাণ করেছে নায়েল। এখন মালয়েশিয়ার আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতা তুলে ধরে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার স্বপ্ন দেখছে পঞ্চগড়ের এই খুদে শিক্ষার্থী।
Leave a Reply