স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝড়ে একটি মসজিদের মূল অংশ ভেঙে গেছে। মুসল্লিরা বর্তমানে মসজিদের বারান্দায় নামাজ আদায় করছেন। সোমবার (২৭ এপ্রিল) ফজর নামাজ শেষে কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে নতুন জামে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়।

বৃস্পতিবার (৩০ এপ্রিল) দেখা যায়, মসজিদের টিনের বারান্দা ঝড়ের কবল থেকে রক্ষা পেয়ে টিকে আছে। বারান্দাতে নামাজ আদায় করছেন মুসল্লিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ২০০৫ সালে পৌনে ৬ শতক জায়গায় মসজিদটি টিন দিয়ে নির্মাণ করা হয়। মসজিদটিতে প্রায় ৮০-৯০ জন মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন।
লিটন মিয়া নামে এক মুসল্লি বলেন, গ্রামবাসীদের দানের টাকায় টিন দিয়ে মসজিদটি নির্মিণ করা হয়। ঝড়ে মসজিদটির বড় ধরনের ক্ষতি হয়েছে। আগের মতো সবাই এখন মসজিদটিতে নামাজ পড়তে পারছেন না।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো রায়হান আলী বলেন, মসজিদটি নতুন করে সংস্কারের জন্য গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হচ্ছে। সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আমার সঙ্গে মসজিদ কমিটি বা এলাকাবাসী যোগাযোগ করলে অবশ্যই সহযোগিতা করা হবে।
Leave a Reply