বিজ্ঞাপন:
রংপুর মেডিকেলের মর্গে ডাক্তার সেজে টাকা নেয়ার সময় দালাল গ্রেফতার

রংপুর মেডিকেলের মর্গে ডাক্তার সেজে টাকা নেয়ার সময় দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক লাশের পরিবারের কাছ থেকে ডাক্তার পরিচয়ে টাকা নেওয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবু জাফর আলীর ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি জমি সংক্রান্ত মারামারিতে নিহত হন। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

এ সময় মেহেদী হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার অজুহাতে নিহতের পরিবারের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করে।

এ নিয়ে নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন, ‘দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে মেহেদী হাসান আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তিনি ৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন।’

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন। আজও তিনি একই কৌশলে টাকা নেওয়ার সময় গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com