আশরাফুল হক, লালমনিরহাট :: লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক ইউসুফ আলীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কাচারি বাজার মোড়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের দাবী ধর্ষকের ফাঁসি চাই-প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করোও ধর্ষণমুক্ত সমাজ চাই-লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৪৫) ক্লিনিক পরিচালনার আড়ালে নানা ধরণের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। গত ২০ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ২১ আগস্ট থানায় লিখিত মামলা করা হলেও আসামি প্রভাব ও অর্থবিত্তের জোরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে, তাই অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা না হলে সমগ্র জেলাজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনাস্থলে পৌঁছে আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। ওসির আশ্বাসের পর শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে ওসি আবু সিদ্দিক আরও বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।
Leave a Reply