বিজ্ঞাপন:
পুলিশের প্রিজন ভ্যানেই সিগারেট খাচ্ছে সাংবাদিক তুহিন হত্যার অন্যতম আসামী!

পুলিশের প্রিজন ভ্যানেই সিগারেট খাচ্ছে সাংবাদিক তুহিন হত্যার অন্যতম আসামী!

অনলাইন ডেস্ক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি মিজান ওরফে কেটু মিজান প্রিজনভ্যানের ভেতরে থাকা অবস্থায় ধূমপান করছিলেন। শনিবার (০৯ আগস্ট) বিকালে গাজীপুর আদালত থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানের ভেতরে তাকে ধূমপান করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেটু মিজান প্রিজনভ্যানের গেটে দাঁড়িয়ে ধূমপান করছেন। তার পাশেই আরেক আসামি তাকিয়ে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামিকে শনিবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কার্যালয় থেকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বাকি ছয় আসামি হলেন- কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল আমিন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান, সুমন ওরফে সাব্বির।

স্থানীয় সংবাদকর্মী রেজাউল করিম পুলিশের প্রিজনভ্যানে কেটু মিজানের হাতে সিগারেটের ছবি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘পুলিশের প্রিজনভ্যানের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামি কেটু মিজান নেশাদ্রব্য পাইলো কীভাবে?

নিলয় আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘প্রিজনভ্যানের মধ্যেও রাজকীয় হালে আছে। মনে হচ্ছে এসব খুন ২/১ টা তার কাছে কিছুই না।’

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেন, ‘এরকম একটা ছবি আমার চোখেও পড়েছে। তবে আমাদের কার্যালয় থেকে বা আদালত থেকে ফেরার পথে হতে পারে। মনে হয় না আমাদের এখান থেকে নেওয়ার পথে ঘটেছে। আদালত থেকে ফেরার পথে মনে হচ্ছে। কেউ কেউ হয়তো সিগারেট দিয়েছে আদালতের চত্বরে। এটা তদন্ত করা প্রয়োজন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com