বিজ্ঞাপন:
সার ডিলার নিয়োগে গড়িমসি, কৃষি খাতে ঝুঁকির আশঙ্কা—পঞ্চগড়ে মানববন্ধন

সার ডিলার নিয়োগে গড়িমসি, কৃষি খাতে ঝুঁকির আশঙ্কা—পঞ্চগড়ে মানববন্ধন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।


বুধবার পঞ্চগড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা অংশ নেন। পঞ্চগড় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। টেকসই ফসল উৎপাদনে সার অপরিহার্য উপাদান। কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ প্রণয়ন করলেও বাস্তবায়নে ধীরগতির কারণে মাঠপর্যায়ে কৃষকরা এর সুফল পাচ্ছেন না।


তারা আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং জোরদার করে দ্রুত ডিলার নিয়োগ এবং সুষ্ঠু সার বিতরণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আবু নাহিদ লাবুসহ জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com