খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট (ডিবি)
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পৃথক স্থানে, অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে, কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলাসহ ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিম কার্ডের মাধ্যমে যুব সমাজের কাছে অনলাইন জুয়ার জন্য সিম বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানে ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম ওরফে আরিফুল (২৪) নামে আরও দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া জব্দকৃত সিম কার্ডগুলোর সঙ্গে নগদ ও বিকাশ হিসাব সংযুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়,এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ,এর আওতায় কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবি কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply