মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,:: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ঠিকাদারের বিল বেআইনিভাবে উত্তোলন ও আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফরোজ শাহীন খসরু এবং পিআইও অফিসের সাবেক অফিস সহকারী মোঃ জহির হোসেন-এর বিরুদ্ধে। এ ঘটনায় পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রবি ট্রেডার্সের প্রোপাইটর মোঃ রবিউল ইসলাম বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ৭৯ লাখ টাকার কাজ সম্পন্ন করেন। এর মধ্যে অর্ধেক টাকা তিনি পেলেও বাকি অর্থ পরিশোধে নানা জটিলতা সৃষ্টি হয়।
একটি কল রেকর্ডিংয়ে ঠিকাদার রবিউল ইসলাম অভিযোগ করেন, কমিশন বাদে তার প্রায় ৩০ লাখ টাকার বেশি পাওনা ছিল। এর মধ্যে ২০ লাখ টাকা তার অজান্তেই উত্তোলন করা হয় বলে তিনি দাবি করেন। পরে তার ব্যাংক হিসাবে মাত্র ৩ লাখ টাকা জমা দেওয়া হলেও বাকি প্রায় ১২ লাখ টাকা এখনও পাননি।
তিনি আরও অভিযোগ করেন, কাজের বিল ছাড় করতে ইউএনও কার্যালয় থেকে তাকে দীর্ঘদিন হয়রানির শিকার হতে হয়েছে। বিল ঝুলিয়ে রাখা, বারবার অফিসে ঘোরানো এবং শেষ মুহূর্তে স্বাক্ষর করার মতো নানা সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। এমনকি বিলের স্বাক্ষর নিতে তাকে ঢাকায় পর্যন্ত যেতে হয়েছে বলেও জানান তিনি।
কমিশন নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রবিউল ইসলাম দাবি করেন, ইউএনও সরাসরি না নিয়ে অফিস সহকারী জহির হোসেনের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও মোঃ আফরোজ শাহীন খসরু বলেন, “আমি এসব বিষয়ে কিছুই জানি না। এগুলো সম্পূর্ণ মিথ্যা।”
অন্যদিকে, অভিযুক্ত সাবেক অফিস সহকারী জহির হোসেন বলেন, “এটা তেমন বড় কোনো বিষয় নয়। আমরা একসাথে কাজ করতাম। আমারই ভুল হয়েছে। বিষয়টি আমরা নিজেদের মধ্যে সমাধান করে নেব।”
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও অনেক ক্ষেত্রে শুধুমাত্র বদলি ছাড়া কার্যকর কোনো শাস্তি হয় না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply