বিজ্ঞাপন:
সাংবাদিক তুহিন হত্যা: গোলাপী, কেটু মিজান সহ গ্রেপ্তার ৩

সাংবাদিক তুহিন হত্যা: গোলাপী, কেটু মিজান সহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়। ফুটেজে দা, ছুরি ও চাপাতি হাতে যাদের দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন তাদের মধ্যে ছিল।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে, যে নারীকে কেন্দ্র করে হামলার ঘটনা সেই নারী। তার নাম গোলাপি। এ ছাড়া ফুটেজে চাপাতি হাতে (দাড়িওয়ালা এবং মাথায় ক্যাপ পরা) কোপানোর জন্য যাকে দৌড়াতে দেখা যায়, সেই ব্যক্তি ফয়সাল ওরফে কেটু মিজান। অপরজন, ফুটেজে যাকে সাদা শার্ট ও জিনসের প্যান্ট পরা চাপাতি হাতে দাঁড়ানো দেখা যায়, সে যুবক স্বাধীন। তাদের মধ্যে ফয়সাল ওরফে কেটু মিজান ও গোলাপি স্বামী-স্ত্রী।

তাদেরকে শুক্রবার আলাদা সময়ে মহানগরীর সদর থানা মেট্রোর সালনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছিল।

তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক দল বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিদের শনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় আজ ওই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, তদন্তের স্বার্থে আরও অনেক কিছু এখন বলা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করা যায় জড়িত সকলকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি মার্কেটের ভিতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com