মনজু হোসেন স্টাফ রিপোর্টার :: সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর নামে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে আয়োজিত এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক সনাতনী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বেলা ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়, সিনেমা হল সড়ক হয়ে পঞ্চগড় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
পরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়। তিনি বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আস্থাভাজন নেতা। তাঁর সুনাম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে একটি ভিডিও তৈরি করা হয়েছে বলে তারা মনে করেন।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের মানহানি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
Leave a Reply