মাহবুবুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জামিনুর রহমান (৪০) এবং ওসমান গনীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)। তারা মামলার এজাহারভুক্ত ২ ও ৪ নম্বর আসামি।
র্যাব-১৩ জানায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে যায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালিয়ে পশ্চিম বেজগ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে দেহ তল্লাশি শুরু করলে তিনি চিৎকার করে স্থানীয় লোকজনকে জড়ো করেন।
অভিযোগ রয়েছে, হামিদুলের চিৎকারে দেশীয় অস্ত্রসজ্জিত একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে গলা চেপে ধরে এবং তার পকেট থেকে হ্যান্ডকাফের চাবি নিয়ে হামিদুলের হাতকড়া খুলে দেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। একপর্যায়ে হামিদুলকে মাদকসহ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে ১৯ জুলাই সরকারি কাজে বাধা, হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে মামলা (নং-২২) দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণ, সরকারি কাজে বাধাদান এবং মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply