স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর ১৫/১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকার মো. হকিকুল ইসলাম (৪২), তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ওরফে কাতু (৫৫) এবং একই উপজেলার কালিয়ামনি এলাকার মো. ফরিদ হোসেন (৪৮)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই সেট তাস, নগদ ১ হাজার ২৮০ টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি চটের বস্তা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর ১৫/১৯(১) ধারায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বলেন, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
Leave a Reply