ডেস্ক রিপোর্ট :: জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজাতি রক্ষায় লালমনিরহাটে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) জেলা ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বুড়িরদীঘি সংলগ্ন সিঙ্গিমারী বিলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীতা দাস এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় সিঙ্গিমারী বিল থেকে প্রায় ৬০টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং বেশ কয়েকটি ভেসাল জাল জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষকে নিষিদ্ধ জালের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। একই সাথে কারেন্ট জাল, চায়না দুয়ারী বা ভেসাল জালের মতো মরণফাঁদ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীতা দাস জানান, দেশীয় মাছের বংশবৃদ্ধি রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশীয় মাছের প্রজনন মৌসুমে প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
Leave a Reply