মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলায় কুরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, পঞ্চগড় সদর।

কর্মশালায় কুরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর কৌশল, লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ এবং চামড়ার গুণগত মান বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কসাই, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জনাব সীমা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পঞ্চগড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফাহমিদা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, পঞ্চগড় সদর; জনাব মোহন মেনজি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পঞ্চগড় সদর; ডাঃ মরিয়ম রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, পঞ্চগড় সদর; ডাঃ মোহাম্মৎ আশা আনারকলি, ভেটেরিনারি সার্জন, পঞ্চগড় সদর এবং ইমাম জয়নাল আবেদীন, ইমাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার অপচয় রোধের পাশাপাশি এর বাজারমূল্যও বৃদ্ধি পাবে। একই সঙ্গে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন বিষয় প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply