খাজা রাশেদ,লালমনিরহাট।। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (পীর সাহেব চরমোনাই) আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ স্বাধীন হবার পরে,আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি তা বাস্তবে পায়নি,এবারের সুযোগটি ইসলামী আদর্শকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই। কিন্তু,এক শ্রেণীর মানুষ ইসলামী নীতি ও আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, ইসলামী আদর্শ, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই আদর্শ বাস্তবায়নে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের মিশনমোড় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই-মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যে জোট রয়েছে, তারা স্পষ্টভাবে জানিয়েছে যে তারা ইসলামী আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একইভাবে বিএনপির নেতৃত্বাধীন জোটও ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, যারা ইসলামী শাসনব্যবস্থা, ন্যায়বিচার ও সুশাসন চান, তাদের উচিত হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করা।
নির্বাচনী পথসভায় লালমনিরহাট-৩ ( সদর ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ গাজী মোঃ রমজান আলী প্রমূখ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply