নিউজ ডেস্ক :: শেরপুরের নালিতাবাড়ীতে ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনের টাকা ও ওই অর্থে কেনা জমির হিসাব চাইতে গিয়ে শিকলবন্দি হয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাস ফেরত জামাই। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চাচা শ্বশুর আসাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) ভুক্তভোগী সোরহাব হোসেন বাবুর স্ত্রী মরিয়ম বেগম নালিতাবাড়ী থানায় শ্বশুরসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকাকালে সোরহাব বিভিন্ন সময়ে শ্বশুর মহর উদ্দিনকে জমি কেনার জন্য মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। পরে আরও দেড় লাখ টাকা প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার পাওনা টাকা ও ওই অর্থে কেনা জমির হিসাব চাইতে গেলে সোরহাব হোসেনের সঙ্গে তার শ্বশুরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শ্বশুরপক্ষের লোকজন তাকে আটক করে একটি নারিকেল গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করে।
এ ঘটনায় শুক্রবার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চাচা শ্বশুর আসাদ আলীকে গ্রেপ্তার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply