গাজীপুর প্রতিনিধি: মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি সাংবাদিক মো. মানিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী, শিশু সন্তানসহ পরিবারের সদস্যরাও আহত হয়েছেন।

অভিযোগে জানা যায়, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার) ও তার সহযোগীরা এ হামলা চালান। হামলার সময় সাংবাদিক মানিককে বেধড়ক মারধরের পাশাপাশি তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, পরিচয়পত্রসহ একটি ব্যাগ এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ কালিয়াকৈর উপজেলার বরাব দক্ষিণপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মানিক। এর পর থেকেই অভিযুক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য বের হলে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট এলাকায় তার গতিরোধ করা হয়। এসময় রিয়াজ মাহমুদ তালুকদার, তার ছেলে রাশেদ তালুকদারসহ ৬-৭ জন তাকে ঘিরে ধরে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এ ঘটনায় সাংবাদিক মানিক গুরুতর আহত হন এবং তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। এসময় তার ৯ বছরের মেয়ে মাহি বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে সাংবাদিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেলকেও মারধর করা হয়। এতে রাসেল গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সাংবাদিক মানিকের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, তার স্ত্রীর স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন—এ ঘটনায় বেশি বাড়াবাড়ি করলে সাংবাদিক মানিককে হত্যা করে লাশ গুম করা হবে এবং তার বাড়িঘরে আগুন দেওয়া হবে।
ভুক্তভোগী সাংবাদিক মো. মানিক বলেন, “সমাজের অসংগতি তুলে ধরাই আমার পেশাগত দায়িত্ব। সেই কারণেই পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় সাংবাদিক মানিকের স্ত্রী কাকলি বাদী হয়ে কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদারসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, তিনি ছুটিতে থাকলেও বিষয়টি অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিউটি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রিয়াজ মাহমুদ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রবা/আরইসআর
Leave a Reply