মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পঞ্চগড়ের বোদা পৌরমার্কেটের পকেটমারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১৩। রোববার (১৫ মার্চ) দুপুর ৩টা ১০ মিনিটে জেলার দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০)। তিনি দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে লুন্ঠিত ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গত ১১ মার্চ ভুক্তভোগী মো. হবিবর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে পঞ্চগড়ের বোদা পৌরমার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। একটি দোকানে কাপড় দেখার সময় পকেটমার চক্রের সদস্য আনোয়ার কৌশলে তার পাঞ্জাবীর পকেট থেকে ঈদের কেনাকাটার জন্য রাখা ১৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী। এতে পরিবারের ঈদের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

ঘটনাটি স্থানীয় সাংবাদিকের মাধ্যমে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে নেটিজেন ও সাধারণ মানুষ অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান।
র্যাব-১৩ জানায়, ঘটনার পর তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আনোয়ার দীর্ঘদিন ধরে জনসমাগমপূর্ণ মার্কেট ও ভিড়ের মধ্যে পকেটমারির সঙ্গে জড়িত। মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত থাকে, তখন সে কৌশলে তাদের পকেট থেকে মোবাইল ফোন বা মানিব্যাগ চুরি করত।
র্যাব জানিয়েছে, ঈদকে সামনে রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে র্যাব সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে।
Leave a Reply