মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে উত্তরা গ্রীণটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি চা কারখানা দখলের অভিযোগ উঠেছে সহোদর দুই ভাই আরিফ হোসেন ও রাকিব হোসেনের বিরুদ্ধে। তারা সদর উপজেলার কেচেরাপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।

কারখানাটি লিজ নিয়ে পরিচালনা করার কথা ছিল রাণী চন্দ্র শীল, আনছারুল ইসলাম ও রাকিব হোসেনের। গত মে মাসে তিন বছরের জন্য লিজ চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী আর্থিক দায়িত্ব নেন রাণী চন্দ্র শীল ও আনছারুল ইসলাম, আর কারখানা পরিচালনার দায়িত্বে থাকবেন রাকিব হোসেন।
তবে অভিযোগকারীদের দাবি, কারখানা চালুর পর রাকিব তার বড় ভাই আরিফের সহায়তায় একক আধিপত্য কায়েম করেন। কোনো সিদ্ধান্তে অংশীদারদের মতামত না নিয়ে নিজের মতো করে কারখানা পরিচালনা শুরু করেন। একপর্যায়ে আরিফ স্থায়ীভাবে কারখানায় অবস্থান করে নিজেকে অলিখিত মালিক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

অভিযোগে আরও বলা হয়, কারখানার হিসাব-নিকাশ নিয়মমাফিক পরিচালিত হচ্ছে না। সাপ্তাহিক আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়। ম্যানেজারকে মজুত মাল যাচাই করতে বললে আরিফ বাধা দেন এবং অভিযোগকারীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে তাদের কারখানায় প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এ বিষয়ে লিখিত অভিযোগ গত মাসে চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন। বরং তারা অভিযোগ করেন, ওই কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন উৎপাদিত চাপাতা কালোবাজারে বিক্রিতে সহযোগিতা করছেন।

অভিযুক্ত আরিফ হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “যারা অভিযোগ করছে, তারা নিজেরাই কারখানার শেয়ারহোল্ডার। তারা উৎপাদিত চাপাতা নিলাম বাজারে পাঠানোর কথা বলে মাল নিয়ে যায়, কিন্তু পরে টাকা বা কোনো হিসাব না দিয়ে আর কারখানায় আসেনি। এখন তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
অভিযোগের বিষয়ে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply