বিজ্ঞাপন:
       
কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর

কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর

স্টাফ রিপোর্টার :: ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে যশোরের মণিরামপুরে ফ্যামিলি কার্ডের তিন তথ্য সংগ্রহকারীর কাছ থেকে ট্যাব ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আল মামুন নামে এক তথ্য সংগ্রহকারীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর ও কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। ট্যাব কেড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই ব্যক্তিকে ট্যাব নিয়ে মোটরসাইকেলে চড়ে চলে যেতে দেখা গেছে। ঘটনার কয়েক ঘণ্টা পর মণিরামপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে তারা তথ্য সংগ্রহের কাজে বের হলে মোবাইলে কল করে আল মামুনকে ডেকে রাস্তার মাঝে ধরে চার জন বাঁশ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে আহত করে। পরে তার কাছে থাকা তথ্য সংগ্রহের সরকারি ট্যাব কেড়ে নেওয়া হয়। আর সোহাগ হোসেন ও বৈশাখী নামের দুই তথ্য সংগ্রহকারীকে কল করে তাদের অবস্থান জানা হয়। এরপর দুই জন মোটরসাইকেলে এসে তাদের কাছে থাকা দুটি ট্যাব ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা কোনও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন। তারপরও তাদের আওয়ামী লীগ আখ্যা দিয়ে হামলা ও ট্যাব কেড়ে নেওয়া হয়েছে।
হামলাকারীরা স্থানীয় বিএনপির কর্মী বা সমর্থক বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

হামলার শিকার আল মামুন বলেন, সকালে কাজে বের হয়েছিলাম। আমি ইউনিয়নের মশ্মিমনগর গ্রামে কাজ করছিলাম। সকাল সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে ফোন করে আমার অবস্থান জানতে চাওয়া হয়। পরে বলা হয়, আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমাদের জাতীয় পরিচয়পত্রগুলো আপনার হাতে দিয়ে যেতে চাচ্ছিলাম। এই বলে আমাকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামে ডেকে নেওয়া হয়। আমি মোটরসাইকেলে চড়ে আসতেই চার জন রাস্তার ওপর আমাকে থামায়। এরপর পরিচয় নিশ্চিত হয়ে আমাকে বাঁশ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে ট্যাব কেড়ে নেয়। আমি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এই ঘটনায় মামলার ঝামেলায় জড়াতে চাইনি।


আল মামুন বলেন, আমরা দুই তথ্য সংগ্রহকারী একসঙ্গে ছিলাম। বাকি জনকে ছেড়ে দিয়ে আমার ওপর হামলা করেছে। আমি বিষয়টি সুপারভাইজার ও উপজেলা সমাজসেবা দফতরে জানিয়েছি।

ভুক্তভোগী সোহাগ হোসেন বলেন, আমি ও বৈশাখী কাঁঠালতলা এলাকায় তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলাম। সকালে আমরা পাশাপাশি বাড়িতে কাজ করছিলাম। তখন মোবাইলে কল করে আমাদের অবস্থান জানা হয়। এরপর দুই জন এসে আমাদের ট্যাব দুটো কেড়ে নিয়ে মোটরসাইকেলে চলে যায়। যারা ট্যাব নিয়েছে তাদের একজনের নাম আব্দুল হান্নান বলে জানা গেছে। আমি ঘটনার ভিডিও করে রেখেছি।
ভুক্তভোগীরা জানিয়েছেন, কাজের পূর্ণ নিরাপত্তা পেলে তারা তথ্য সংগ্রহের কাজে ফিরতে চান।

মশ্মিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের সুপারভাইজার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন বলেন, ‘ট্যাব ছিনিয়ে নেওয়ার ঘটনা জানাজানি হলে আমাকে উপজেলা প্রশাসন ও জেলা থেকে ফোন করে ট্যাব উদ্ধার করে উপজেলায় জমা দেওয়ার জন্য বলা হয়। আমি দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করে সমাজসেবা কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছি।’

ছাত্রদলের এ নেতা বলেন, ‘শুনেছি, এই তিন তথ্য সংগ্রহকারীর ওপর আগে থেকে স্থানীয়দের নজরদারি ছিল। তারা আওয়ামী লীগ পরিবারের ভেবে স্থানীয় অনেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের শুরু থেকে তাদের ওপর রেগে ছিলেন। মঙ্গলবার গোপালগঞ্জের ঘটনার পর ক্ষিপ্ত হয়ে তাদের কাছ থেকে ট্যাব কেড়ে নেওয়া হয়েছে। মারধরের শিকার আল মামুনকে দেখেছি। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে তাকে চিকিৎসা নিতে বলেছি।’


সুমন দাবি করেন, ‘ট্যাব কেড়ে নেওয়ার কাজ যারা করেছে, তারা বিএনপির দায়িত্বশীল কেউ না। কর্মী বা সমর্থক পর্যায়ের। ইউনিয়নের কোনও দায়িত্বশীল পদের কাউকে জানিয়ে তারা এ কাজ করেনি।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘ট্যাব তিনটি উদ্ধার হয়েছে।’

আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, ‘বিষয়টি সমাজসেবা কর্মকর্তার অধীনে তদন্ত চলছে। ইতিমধ্যে ট্যাব উদ্ধার করে তথ্য সংগ্রহকারীদের কাছে দেওয়া হয়েছে। ভুক্তভোগী তথ্য সংগ্রহকারীদের তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্তদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com