বিজ্ঞাপন:
       
দোকান ভেঙে জমি দখল, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

দোকান ভেঙে জমি দখল, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট :: নীলফামারীর ডিমলা উপজেলার কাকড়া বাজার এলাকায় জমি দখল ও প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে দিলীপ ঋষি ও তার পরিবারের বিরুদ্ধে। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ভুক্তভোগী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঋষির আত্মীয় লক্ষণ চন্দ্র। পুলিশ জানিয়েছে, দুই পক্ষই থানায় মৌখিক অভিযোগ করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় দুই মাস আগে দিলীপ ঋষি নাসির নামে এক ব্যবসায়ীর দোকান ভেঙে জমিটি দখল করেন। পরে সেখানে একটি পাকা দোকানঘর নির্মাণ করেন তিনি। এতে নাসির ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি মোশারফ নামের আরেক ব্যবসায়ীও ক্ষতিগ্রস্ত হন।

পরে গত ৫ নভেম্বর নিজেদের জায়গা উদ্ধারের জন্য নাসির, তার পরিবারের সদস্য ও মোশারফ সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দিলীপ ঋষির নির্মিত স্থাপনাটি ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য, এ ঘটনার পর দিলীপ ঋষি থানায় মামলা করতে গেলে পুলিশ জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখতে চায়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তখন মামলা করতে পারেননি তিনি।


তাদের আরও অভিযোগ, মামলা করতে না পেরে প্রতিপক্ষকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে নিজের বাড়িতে অগ্নিসংযোগ করেন দিলীপ ঋষি। পরে এ ঘটনায় বিএনপির কর্মী, নাসির ও মোশারফকে দায়ী করার চেষ্টা করা হয়।

এ কাজে দিলীপ ঋষিকে তার আত্মীয় লক্ষণ চন্দ্র সহযোগিতা করেছেন বলেও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, লক্ষণ চন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত থাকায় নিজের প্রভাব খাটিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর মামলা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে লক্ষণ চন্দ্র বলেন, ‘দিলীপ ঋষি আমার আত্মীয় হলেও এ বিষয়ে থানায় আমি কোনো চাপ প্রয়োগ করিনি। এমনকি কথাও বলিনি। আশা করি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

ভুক্তভোগীরা বলছেন, ভূমি দখল ও অগ্নিসংযোগের অভিযোগের নিরপেক্ষ তদন্ত না করে প্রভাবশালী মহলের চাপে তাদের হয়রানি করা হলে তারা আরও বিপাকে পড়বেন। এ জন্য তারা প্রকৃত জমির মালিকানা যাচাই এবং অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।


এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। উভয় পক্ষ থানায় এসে পাল্টাপাল্টি মৌখিক অভিযোগ করে গেছে। আমি দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা নিজেরাই দুই পক্ষ একসঙ্গে বসে মীমাংসা করে নেবে।’

তিনি আরও বলেন, ‘তারা মীমাংসা করতে না পারলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com