মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সদস্যরা। সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

বুধবার দুপুরে পঞ্চগড় বাজারের সিনেমা হল সড়কের বুকলতলা এলাকায় বিসিডিএসের পঞ্চগড় শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রায় ৫০ জন সদস্য অংশ নেন।
মানববন্ধনে বিসিডিএস পঞ্চগড় শাখার সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ বাবু ও সহ-সভাপতি মাহাবুব আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি সালেকুজ্জামান সালেক ও সহ-সভাপতি মাহাবুব আলম বক্তব্য দেন।

বক্তারা বলেন, গত ২১ বছর ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বিসিডিএসের যৌথ তত্ত্বাবধানে সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত সপ্তাহে বিসিডিএসকে অবহিত না করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এককভাবে কোর্সটি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এতে সারা দেশের কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলেন, দীর্ঘ ২১ বছর যৌথভাবে কোর্স পরিচালনায় কোনো সমস্যা হয়নি। তাই বিসিডিএসকে পাশ কাটিয়ে নেওয়া এ সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। ফার্মেসি কাউন্সিলের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগের মতো যৌথভাবে কোর্স পরিচালনার দাবি জানান বক্তারা।

দাবি বাস্তবায়ন না হলে দেশের সব কেমিস্ট ও ড্রাগিস্টকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে বিসিডিএস নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মানববন্ধনকারীরা।
Leave a Reply