বিজ্ঞাপন:
       
আদালত থেকে ফেরার পথে বিচারক নিখোঁজ, বন্ধ মোবাইল ফোন

আদালত থেকে ফেরার পথে বিচারক নিখোঁজ, বন্ধ মোবাইল ফোন

ডেস্ক রিপোর্ট :: বরিশালে আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার (১৮ নভেম্বর) কর্মস্থলেও উপস্থিত হননি তিনি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি আদালত কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার নিয়মিত দায়িত্ব পালন করেছেন বিচারক শেখ ফারহান নাদীম। তবে অফিস শেষে তিনি আর বাসায় ফেরেননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বুধবার আদালতে অনুপস্থিত থাকায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় বিচারক শেখ ফারহান নাদীমের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। পরে বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাঁকে রিকশায় চলাচল করতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রটি। এরপর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারকের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ। তিনি জানান, বুধবার আদালতে না আসায় খোঁজখবর নিয়ে বিচারকের নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com