রংপুর প্রতিনিধি: রংপুরের নব্দীগঞ্জের তালুক উপাশু এলাকায় বাড়িতে হামলা চালিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে স্ত্রী শিল্পী বেগম ও তাঁর সহযোগী পলাশের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী কিছমত আলী। মামলায় প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে বাদী কিছমত আলীর অনুপস্থিতিতে অভিযুক্তরা তাঁর বাড়িতে যান। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত শিল্পী বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল কিছমত আলীর। তাঁদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে। এর আগে ওই মেয়ে পাশের এলাকার বাসিন্দা পলাশের সঙ্গে তার মাকে আপত্তিকর অবস্থায় দেখেছে বলে বাবাকে জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে উত্তেজনা তৈরি হয়।

বাদীর অভিযোগ, এ বিরোধের জেরে শিল্পী বেগম ও তাঁর সহযোগী পলাশ বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় প্রায় ২ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যান তাঁরা। বাধা দিতে গেলে বাদী ও পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার পর কিছমত আলী প্রাথমিক চিকিৎসা নেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে থানায় মামলা করতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধির ৩২৩, ৩৮০, ৪৮৭ ও ৫০৬ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন কিছমত আলী।
Leave a Reply