বিজ্ঞাপন:
       
টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট :: টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস মণ্ডল (২৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগমের সঙ্গে তার ছোট ছেলে ইউনুস মণ্ডল একই বাড়িতে বসবাস করতেন। ইউনুস কৃষিকাজ করতেন। তিনি প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাকে গালিগালাজের একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ইউনুস। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয়।

মামলার বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন ইউনুস।

পিপি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com