বিজ্ঞাপন:
       
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কোপানো হলো

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কোপানো হলো

ডেস্ক রিপোর্ট :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।

জেলার সাম্প্রতিক এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রবিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ দুই পদে একযোগে রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে মোট ১৫০ জন সদস্য রয়েছেন। যশোর এরিয়ার বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, জেলার পরিস্থিতি সামাল দিতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করবেন।

এর আগে, গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।ওই দিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয় এবং বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com