রাশেদুল ইসলাম রাশেদ,নিজস্ব প্রতিবেদক: অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। শুধু মারধরই নয়, তাঁদের মুঠোফোন কেড়ে নিয়ে জোর করে হাতে টাকা ধরিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত চার সাংবাদিক বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক আজকের পত্রিকা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের গাইবান্ধা প্রতিনিধি খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা বালুর বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে তথ্য ও ভিডিও সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন সাংবাদিকরা। পথে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। পরে সাংবাদিকদের একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল এ হামলায় জড়িত ছিল। তাঁদের আটকে রেখে মারধরের পাশাপাশি মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে জোর করে তাঁদের হাতে টাকা ধরিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
সাংবাদিকদের ভাষ্য, প্রশাসনের অভিযানের খবর সংগ্রহ করে ফেরার পথেই তাঁদের ওপর এ হামলা চালানো হয়। ঘটনার পর আহত অবস্থায় তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি শুনেছি। জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।’
Leave a Reply