মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রীর মধ্যে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রংপুর ও ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
সর্বশেষ মারা যাওয়া নারীর নাম প্রমিলা (৩০)। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী। শুক্রবার রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে একই দিন রাত ৮টার দিকে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদা আক্তার (৩৫) ও তাঁর সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি। মাহমুদা বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আলী আজগর খোকনের স্ত্রী। তিনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক ছিলেন।
শুক্রবার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় থ্রি-হুইলারের আট যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে মাথা, নাক ও মুখে আঘাত পাওয়া অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গুরুতর আহত মাহমুদা ও তাঁর মেয়েকে পরে রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমিলা।

আহত অন্য ব্যক্তিরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply