ডেস্ক রিপোর্ট :: গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখে ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের নামফলক ভাঙচুর করে শহরে বিশাল মিছিল বের করেন তারা।
রবিবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মিছিল থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে বেশ কিছু স্লোগান দিতেও দেখা যায়।

এর আগে, শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।
গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের রোববার (২২ জুন) জারি করা এবং সোমবার (২৩ জুন) রাতে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে নতুন নির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। এসব নাম পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ইতিহাস, জননন্দিত ব্যক্তিত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে মিল রেখে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।
ওই প্রজ্ঞাপনে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজের’ নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ’ রাখা হয়। একই সাথে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’সহ শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় নাম পরিবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply