মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের বোদা উপজেলায় চুরির অভিযোগে নাজমুল হক ওরফে বিশারু (৬০) নামে এক বৃদ্ধের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের দেবীজাদু প্রধানপাড়া এলাকার তাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিষ নামের এক ব্যক্তির বাড়ির পেছনে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে দুই ব্যক্তি। এ সময় তারা টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে একজন পালিয়ে যায়। অপরজন নাজমুল হক বিশারুকে স্থানীয়রা আটক করেন।

পরে তাকে মারধর করা হলে তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন। দেহ তল্লাশির সময় তার কাছে স্বর্ণালংকার পাওয়া গেলে তাকে মারধর করা হয়। সকালে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কাছ থেকে একজোড়া কানের দুল ও একটি চেইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।
Leave a Reply