ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে ওই নারী কনস্টেবল হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পথের একটি নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তার মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কাছেই মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিল। ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জসিম মিয়া জানান, সন্ধ্যার পর ওই নারী পুলিশ সদস্য বাসার দিকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলে করে দুই তরুণ সেখানে আসে। এ সময় তাদের একজন ওই নারীর মুখ চেপে ধরার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই তরুণ দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
নারী কনস্টেবলের স্বামী জানান, তার স্ত্রী প্রায়ই থানার দায়িত্ব শেষে হেঁটে একা বাসায় ফেরেন। ঘটনার দিনও একইভাবে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। তবে দুর্বৃত্তরা তার স্ত্রী থেকে কিছু নিতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকারাচ্ছন্ন ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। সেখানে দেখা যায়, নারী পুলিশ সদস্য যাওয়ার সময় তাদের একজন পেছনে হেঁটে যাচ্ছে। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply