বিজ্ঞাপন:
       
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে আটকে ছিলেন শতাধিক পর্যটক

ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর হোটেলের অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে অবস্থানরত শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলের অতিথি ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন। তিনি বলেন, হোটেলটির ৮ম তলার একটি কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ দিকে সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।


গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com