বিজ্ঞাপন:
       
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বিদায় সুরেশের

জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বিদায় সুরেশের

স্টাফ রিপোর্টার :: ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্কে এটি কখনোই দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। দীর্ঘদিনের মুসলিম বাল্যবন্ধু কৃষক হাকিম ডাকুয়া মারা যাওয়ার পর ধর্মীয় বিধিনিষেধের কারণে তাঁর জানাজায় অংশ নিতে পারেননি হিন্দু বন্ধু সুরেশ। তবে বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজার পুরো সময়টুকু দাঁড়িয়ে ছিলেন পাশের সেতুর ওপর। একদিকে চলছিল হাকিমের জানাজা, অন্যদিকে নীরবে সেই দৃশ্য দেখছিলেন সুরেশ।

সম্প্রতি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে ঘটে হৃদয়স্পর্শী এ ঘটনা। প্রয়াত হাকিম ডাকুয়া ও সুরেশ দুজনই ছিলেন প্রায় ৭০ বছর বয়সী এবং শৈশব থেকেই তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে হাকিম ডাকুয়ার মৃত্যু হয়। তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় বন্ধু সুরেশও সেখানে উপস্থিত হন। তবে ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে জানাজার নামাজে অংশ নেননি তিনি। সেতুর ওপর দাঁড়িয়ে নীরবে বন্ধুর শেষ বিদায়ের মুহূর্তটি দেখেন।


দীর্ঘদিনের বন্ধুত্বের এমন এক নীরব প্রকাশ স্থানীয়দের মধ্যে আবেগের সৃষ্টি করেছে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুত্ব যে ভিন্নতার ঊর্ধ্বে উঠতে পারে, সুরেশের এই উপস্থিতি যেন সেই বার্তাই দিয়েছে।

শৈশবের বন্ধুকে হারানোর বেদনা আর ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান—দুইয়ের সমন্বয়ে সুরেশের এই নীরব বিদায় স্থানীয় মানুষের কাছে হয়ে উঠেছে মানবিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com